২ আগস্ট ২০১৩ - ১৯:৩০
হোমসের খালদিয়েহ শহর আবার সিরিয় বাহিনীর দখলে

সিরিয়ার হোমস প্রদেশের খালদিয়েহ শহর আবার দখল করে নিয়েছে সরকারি সেনারা।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ার হোমস প্রদেশের খালদিয়েহ শহর আবার দখল করে নিয়েছে সরকারি সেনারা। প্রায় এক মাস ধরে প্রচণ্ড সংঘর্ষের পর সিরিয়ার সেনারা হোমসের এ কেন্দ্রীয় শহরটি দখল করতে সক্ষম হলো।

বলা হয়ে থাকে- খালদিয়েহ ছিল বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের প্রধান শক্ত ঘাঁটি এবং এ শহরেই ছিল তাদের প্রধান অপারেশন কেন্দ্র।

বিজয়ের পর সিরিয়ার এক সেনা কমান্ডার বলেছেন, “সন্ত্রাসীদের সমস্ত অপপ্রচার সত্ত্বেও আমরা খালদিয়েহ শহর পুনর্দখল করতে সক্ষম হয়েছি। হোমসের সমস্ত এলাকা মুক্ত না হওয়া পর্যন্ত আমরা অভিযান অব্যাহত রাখব।”

আরেক সেনা জানিয়েছেন, “সন্ত্রাসীদের প্রবল প্রতিরোধ সত্ত্বেও আমরা খালদিয়েহ শহরে ঢুকতে পেরেছি। আসলে আমরা এ শহরে ঢোকার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ ছিলাম কারণ শহরটি শুধু হোমসের জন্য নয় বরং পুরো সিরিয়ার জন্য কৌশলগত দিক দিয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”